ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ শনিবার (৬ জুন) দিবাগত রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ ঘোষণা করেছেন।
একই সঙ্গে ওই এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ও অনুরূপ কর্মসূচির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এতে বলা হয়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।