1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আজকের গুরুত্বপূর্ণ ১০টি সংবাদ | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

আজকের গুরুত্বপূর্ণ ১০টি সংবাদ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

১। ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক আলোচনার ভিত্তিতে ঐকমত্য চায় বিএনপি

সংঘাতময় রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়ার মতো স্পর্শকাতর একটি বিষয়ে রাজনৈতিকভাবে মতৈক্য সৃষ্টির সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছে বিএনপি। দলটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মানবিক করিডোর দেওয়ার দিকে অগ্রসর হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গত সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে দলের নীতিনির্ধারকদের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

২। জ্বালানি তেলের দাম কমল

লিটার প্রতি ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী এক মে থেকে নতুন এই দাম কার্যকর হবে। বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

৩। চিন্ময়ের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বুধবার বিকেলে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন আদেশ স্থগিত করেন। তার কিছুক্ষণ পরে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী রোববার রাষ্ট্রপক্ষের ওই আবেদনের ওপর শুনানির জন্য ধার্য করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো: রেজাউল হকের আদালত এই আদেশ দেন। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেন।

৪। শেখ পরিবারের টুঙ্গিপাড়ার জমিসহ প্লট জব্দের আদেশ

ভারতে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ ‍জয়, তার বোন রেহনা সিদ্দিক এবং তার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে থাকা গোপালগঞ্জের টুঙ্গি পাড়াসহ ঢাকা ও খুলনার একাধিক জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

৫। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ভিয়েতনামে

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসানের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভিয়েতনামে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। হো চি মিন শহরে আয়োজিত এই কুচকাওয়াজের মধ্য দিয়ে স্মরণীয় এ উদ্‌যাপন শেষ হয়। হাজার হাজার ভিয়েতনামী হাতে লাল পতাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দেশপ্রেমের গান গেয়েছেন। অনুষ্ঠানটির মাধ্যমে ১৯৭৫ সালের ৩০ এপ্রিলের ঘটনাকে স্মরণ করা হয়েছে। সেদিন কমিউনিস্ট শাসিত উত্তর ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সায়গন দখল করে নেয়।

৬। দেশ ছেড়ে পালিয়েছেন বিচারপতি খায়রুল হক
উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্র ও বিচার বিভাগ ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নাটের গুরু এবিএম খায়রুল হক দেশ ছেড়ে নির্বিঘ্নে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে সেখানেও লোকচক্ষুর আড়ালে থাকার চেষ্টা করছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ডিসেম্বর পর্যন্ত তিনি দেশেই ছিলেন। তার বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় সুনির্দিষ্ট মামলা হওয়ার পরও রহস্যজনক কারণে গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়াও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছিল।

 

৭। ইসরাইলে দাবানল

ইসরাইলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে জুডিয়ান পাহাড়ে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে আগুনের শিখা জেরুজালেম অঞ্চলে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কমিশনার ইয়াল ক্যাসপি ঘোষণা করেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, দমকলকর্মীরা জেরুজালেমের হাইওয়ে ১ যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় তাদের গাড়ি ফেলে রেখে পালিয়ে যাচ্ছেন।

 

৮। ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত আগামী ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। বাসস তাদের প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তারার সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি। অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।

 

৯। পাকিস্তানের ধাওয়া খেয়ে পালালো ভারতীয় ৪ যুদ্ধবিমান

অধিকৃত কাশ্মিরের আকাশ থেকে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘পাকিস্তানি বিমান বাহিনী সময়মতো ও দক্ষতার সাথে পদক্ষেপ নেয়ায় ভারতীয় জেটগুলো পালিয়ে যায়।’ এ সময় পাকিস্তান যেকোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও জানানো হয়।

 

১০। ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বক্তব্য ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার শুনানি শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, অডিও বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে শেখ হাসিনার বক্তব্য বলে প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ