জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন সমন্বয় কমিটি থেকে ‘ইসলামবিদ্বেষী ও সমকামী সমর্থকদের’ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ‘রাজবাড়ীর ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থী ও জনগণ’ -এর ব্যানারে মানববন্ধন হয়। এতে স্কুল ও মাদ্রাসাছাত্ররা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের পাঠ্যপুস্তকের অনেক কনটেন্ট ইসলামের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ছিল। ইতিহাসে ছিল অখন্ড ভারতের বয়ান। তাছাড়া মুসলিম শাসন আমলকে সচেতনভাবে বিকৃত ও নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রচেষ্টাও পরিলক্ষিত হয়। এছাড়া শিল্প ও সংস্কৃতি বইটা বাধ্যতামূলক করার মাধ্যমে, মুসলিম সন্তানদের নাচগানে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে সপ্তম শ্রেণির ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের শরিফার গল্প তীব্র বিতর্কের জন্ম দেয়। এই গল্পের মাধ্যমে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বিকৃত পশ্চিমা এলজিবিটি মতাদর্শের প্রবেশ ঘটে। তাই অবিলম্বে ইসলামবিদ্বেষী ও সমকামী সমর্থকদের পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে অপসারণ করতে হবে এবং সংশোধিত পাঠ্যবই অবশ্যই আলেমদের মাধ্যমে যাচাই-বাছাই করে অনুমোদিত হতে হবে।’
মানববন্ধনে রাজবাড়ী সরকারি কলেজের ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম, রাজবাড়ী সরকারি কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম সুমন, রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহাদুল ইসলাম, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ফাজিলের শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল, খন্দকার সাদিকুর রহমান, মো. মাহমুদ উল্লাহ অনিক ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাফায়েত হোসেন বক্তব্য রাখেন।