1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ছবি | ঢাকা আওয়ার
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ছবি

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাংলাদেশের ই-পাসপোর্ট বুকলেটে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনছে সরকার। নতুন ডিজাইনে দেশের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন নিদর্শনের পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে একটি জলছাপ (ওয়াটারমার্ক) অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান ছবিগুলো পুনর্বিন্যাস করে ই-পাসপোর্টের বিভিন্ন পাতার নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

এতে বলা হয়, সরকারের চূড়ান্ত অনুমোদনের পর ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবিগুলো পুনর্বিন্যাস করে নতুন ডিজাইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টে বিভিন্ন পাতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদের ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে। নতুন বিন্যাসে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, পানাম নগর (সোনারগাঁও), ষাটগম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল, কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, নীলগিরি, চা-বাগান, আমবাগান, কাঁঠাল, ইলিশ মাছ, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল এবং রয়েল বেঙ্গল টাইগারের মতো বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।

নতুন সংযোজনগুলোর মধ্যে অন্যতম হলো ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর জলছাপ। এছাড়া বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাসপোর্টের নির্দিষ্ট পাতায় এসব জলছাপ ব্যবহার করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ই-পাসপোর্টের নিরাপত্তা বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রেখে নতুন ডিজাইন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অনুলিপি দেওয়া হয়েছে।

নতুন নকশার ই-পাসপোর্ট কবে থেকে মুদ্রণ ও বিতরণ শুরু হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ধাপে ধাপে নতুন ডিজাইনের ই-পাসপোর্ট চালু করবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ