রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি হিসেবে শওকত হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানাকে দায়িত্ব দেয়া হয়েছে। দীর্ঘ ২৬ বছর পর আজ শনিবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাত সাড়ে সাতটার দিকে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের উপস্থিতিতে এ ঘোষণা দেয়া হয়।
জানা গেছে এ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি হতে ৮ জন এবং সাধারণ সম্পাদক হতে ১০ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়।
এর আগে শনিবার সকাল ১০টায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে শুরু হয় রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন। সম্মেলন শেষে বিকেল ৫টায় রাজবাড়ী পৌরসভার হলরুমে প্রার্থী ও স্থানীয় নেতৃত্ববৃন্দদের সঙ্গে আলোচনা করে এ কমিটি ঘোষণা করা হয়।
পূর্বের কমিটি
রাজবাড়ী জেলা যুবলীগ সূত্র জানায়, রাজবাড়ী জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালে। এরপর ২০০৪ সালে ওই কমিটি ভেঙে দিয়ে জহুরুল ইসলামকে আহ্বায়ক এবং আবুল হোসেন ও শাহ মো. জাহাঙ্গীর জলিলকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর আর হয়নি কোন কমিটি। বর্তমান কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম ব্যবসায়ীক কাজে ঢাকায় রয়েছেন দীর্ঘদিন। যুগ্ম আহ্বায়ক শাহ. মো. জাহাঙ্গীর জলিল জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সাংস্কৃতিক সম্পাদকের পদ পেয়েছেন। এ কমিটির অনেকেই এখন নিষ্ক্রিয়।