বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর কালো পতাকা গণমিছিল আজ। সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় এই কর্মসূচি পালন করবে দলগুলো। একদফা’র আন্দোলন ঘোষণার পর পঞ্চম ধাপের এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পৃথকভাবে কালো পতাকা গণমিছিল করবেন নেতাকর্মীরা। আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে এবার গতানুগতিক ভিন্ন রুটে এই কর্মসূচি পালন করবেন তারা। আজ বিকাল ৩টায় শ্যামলী লিংক রোড থেকে বছিলা চৌরাস্তা ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে নারিন্দা পর্যন্ত কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপি’র শীর্ষ নেতারা অংশ নিবেন। ঢাকা উত্তরের গণমিছিলের নেতৃত্ব দিবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দক্ষিণের নেতৃত্ব দিবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একদফা’র এই কর্মসূচিকে গত কয়েকদিনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করেছেন শীর্ষ নেতারা।
তারা বলছেন, গণমিছিল ও পদযাত্রার মতো আজকের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে শেষ করবেন তারা।
বিগত কর্মসূচির মতো কালো পতাকা মিছিলেও হাজার হাজার মানুষ অংশ নিবে বলেও আশাবাদী নেতারা। এদিকে যুগপৎ ধারায় রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করবে সমমনা দলগুলো। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ শাহবাগে, ১২ দলীয় জোট বিজয় নগরে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনে, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আরামবাগে, এলডিপি পূর্ব পান্থপথে, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), সাধারণ ছাত্র অধিকার পরিষদ জাতীয় প্রেস ক্লাবে, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুল কালভার্ট রোডে, এনডিএম মালিবাগে, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচায়, এবি পার্টি বিজয় নগর শ্রমভবনের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবে। গত ২২শে জুলাই একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এ পর্যন্ত ঢাকায় মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো।