বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি, নিবন্ধন ও লাইসেন্সিং প্রক্রিয়াকে আরও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি (বিওএস)-এর উদ্যোগে “বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি)-এ অপ্টোমেট্রি পেশাজীবীদের রেজিস্ট্রেশন ও লাইসেন্স” শীর্ষক জাতীয় কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিওএস-এর সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বরকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি)-এর রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মাদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরসির ডেপুটি রেজিস্ট্রার ড. রাজিব হাসান। এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাসান শহীদ সোহরাওয়ার্দী, অধ্যাপক ডা. মিজানুর রহমান, বিওএস-এর সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ সালাহ্ উদ্দিন সুমন এবং বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অপ্টোমেট্রি সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পেশাজীবীরা।
বক্তারা বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আওতায় অপ্টোমেট্রি পেশাজীবীদের অন্তর্ভুক্তি দেশের দৃষ্টিসেবা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আইনগত স্বীকৃতি, নিবন্ধন, লাইসেন্সিং, পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতা ও নৈতিক অনুশীলনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
কর্মশালায় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮-এর আলোকে নিবন্ধন প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, ভবিষ্যৎ লাইসেন্সিং ব্যবস্থা এবং পেশাজীবীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিআরসির প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করেন।
সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বরকত আলী অপ্টোমেট্রি পেশার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, যোগ্যতা অনুযায়ী প্রত্যেক পেশাজীবী যেন সম্মানজনক স্বীকৃতি পান, সে লক্ষ্যে বিওএস কাজ করে যাচ্ছে। একই সঙ্গে যারা এখনও বিওএস-এর সদস্য হননি, তাদের দ্রুত সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে বিওএস-এর পক্ষ থেকে দেশের সকল যোগ্য অপ্টোমেট্রি পেশাজীবীকে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকার, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগে অপ্টোমেট্রি পেশা ভবিষ্যতে আরও সুসংগঠিত, মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে।