রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে রাতে জানান পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
এদিন ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম জমির বিশ্বাস। তিনি পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামের হোসেন টাকোর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। তারা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের বরাতে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে ভোরে পাট্টা ইউনিয়নের মাজাইল ও কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় জমির বিশ্বাসকে প্রথমে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি শেখ মঈনুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।