ফের পাল্টাপাল্টি কর্মসূচিতে মাঠে নামছে আ.লীগ ও বিএনপি। ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রায় দেড় মাসের মাথায় আগামী ১০ ডিসেম্বর আবারও মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি।
১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষ্যে রাজপথে কর্মসূচি দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল দুটি। নিজ নিজ কর্মসূচির মাধ্যমে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তারা।
এদিকে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে ১০ই ডিসেম্বর বড় আকারের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ করবে।
৭ জানুয়ারির নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় আওয়ামী লীগের প্রথম সমাবেশ হবে এটি। গত শনিবার রাতে মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ১০ ডিসেম্বরের সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই দিন বিকেল ৩টায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর এ পর্যন্ত ৮৩৭ -এর বেশি মামলা হয়েছে। মামলায় প্রায় ২০ হাজার ৩২৬ জন বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৭৩ হাজার ১২৩ নেতাকর্মীকে। আর গত তিন মাসে ৩৫টি মামলায় ৬৩৬ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপির।
কারাবন্দী এসব রাজনৈতিক কর্মীকে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। গ্রেপ্তারের এক মাসের বেশি সময় পার হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাননি। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও জামিন পাননি। নিম্ন আদালতে ব্যর্থ হওয়ার পর এবার বিএনপির মহাসচিবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন বলে জানা যাচ্ছে।
এদিকে আজ থেকে বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ অবরোধ। এ অবরোধ চলবে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। ২৮শে অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এ কর্সূচি নিয়ে নবম দফা অবরোধ দিয়েছে বিএনপি।