রাজবাড়ী জেলার সদর পৌরসভার সাত নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘গ্রীণ ভলেন্টিয়ারস’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, সবুজ হবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি সাত নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গাছ রোপন করেন।
শুক্রবার বিকেল ৪টায় সংগঠনের সদস্য, সেচ্ছাসেবক ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ শুরু করেন। এ সময় কৃষ্ণচূড়া, বট ও পাকড় গাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভবানীপুর কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর প্রধান শিক্ষক হাফেজ মোঃ রোকন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মরিয়ম কাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর কোরবান আলী মন্ডল, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাংবাদিক সরোয়ার সরদার (রকি), যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মো: মানিক সরদার, শ্রমিক সঞ্চয় সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকা, সংগঠনের সভাপতি মো: আবির হোসেন অনিক, সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম দিপুসহ সংগঠনের সেচ্ছাসেবক ও অন্যান্য সদস্যরা।
মরিয়ম কাজী বলেন, আমাদের দেশটাকে সবুজ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমাদের আরও বেশি বেশি গাছ লাগাতে হবে।
কোরবান আলী মন্ডল বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। এমন উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং এ ধরণের সকল উদ্যোগে আমরা দলমত নির্বিশেষে পাশে থাকবো।
মানিক সরদার বলেন, দেশে যে পরিমাণ গাছের প্রয়োজন, সে তুলনায় গাছের পরিমাণ অনেক কম। আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো। গাছ আমাদের পরম বন্ধু, সে শুধু মানুষের উপকারই করে কিন্তু কোনো ক্ষতি করে না। গ্রীণ ভলেন্টিয়ারসের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ নেওয়ার জন্য।
এ সময় সংগঠনের সভাপতি আবির হোসেন অনিক সংগঠনের সদস্য, সেচ্ছাসেবক ও যারা কর্মসূচি বাস্তবায়নে মেধা, শ্রম ও অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।