জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিংমলের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতায় কুমামোটো শহরের ওই শপিং মলের দ্বিতীয় তলার একাংশ ধসে পড়েছে। খবর বিবিসির।
জাপানের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া ওই শপিং সেন্টারের প্রায় ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ থাকতে পারেন। তবে নিখোঁজের এই সংখ্যাটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
জাপানের স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপের অভ্যন্তরীণ ভাগে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে ওই অঞ্চলের হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বেশ কিছু সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ওপর থেকে তোলা একটি সেটেলাইট ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের প্রভাবে একটি ফুটওবার ব্রিজ পুরোপুরি ধসে পড়েছে, যার ঠিক সমান্তরাল অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল করছে।