আবৃত্তি অঙ্গনের একঝাঁক তরুণ শিল্পীর সম্মিলিত উদ্যোগে এবং আবৃত্তিশিল্পী মাহফুজ রিজভীর গ্রন্থনা ও নির্দেশনায় মঞ্চস্থ হলো আবৃত্তি প্রযোজনা ‘Life Express… আমাদের জীবন গাড়ি’।
শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ সহযোগিতা করে আবৃত্তি সংগঠন ‘স্বর ব্যাঞ্জন বাচনিক উৎকর্ষ ও চর্চা কেন্দ্র’।
প্রযোজনাটিতে একটি ট্রেনযাত্রার রূপকের মাধ্যমে মানবজীবনের বিচিত্র গতি, সুখ-দুঃখ, সংগ্রাম ও মানসিক টানাপোড়েনকে আবৃত্তির ভাষায় উপস্থাপন করা হয়। সম্মিলিত পরিবেশনায় অংশ নেন মাহফুজ আহমেদ, সেমন্তী রোদসী, অমিয়া অমানিতা, পঙ্কজ পান্ডে, সাবিহা সেতু, সোনিয়া চৌধুরী, আজিম রানা, রেজওয়ানুল কবির সুমন, সুপ্রভা সেবতী, মনোয়ার মাহমুদ জুয়েল ও শিরিন ইসলাম।
প্রযোজনাটির গ্রন্থনায় স্থান পেয়েছে তসলিমা নাসরিন, আরিফ হুসাইন, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, স্বপ্না ভট্টাচার্য, হেলাল হাফিজ, শঙ্খ ঘোষ, শুভ দাশগুপ্ত, মল্লিকা সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম, মাহবুব সরদার সবুজ, সুনির্মল বসু, সুবোধ সরকার, আখতারুজ্জামান আজাদ, সঞ্জীব চট্টোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, শরৎকুমার মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় ও শামসুর রাহমানের রচনা।
মঞ্চের নান্দনিক আলোকসজ্জা করেন লাইট ডিজাইনার অম্লান বিশ্বাস। প্রচারণার দৃষ্টিনন্দন ডিজাইন ও অলঙ্করণ করেন স্বপ্ন সমুদ্র।
নির্দেশক ও গ্রন্থনাকারী মাহফুজ রিজভী বলেন, ট্রেনযাত্রার প্রতীকী গল্পের মাধ্যমে মানবজীবনের চলমানতা, আকস্মিক থমকে যাওয়া এবং সেই অবস্থায় মানুষের মানসিক প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। প্ল্যাটফর্মকে কেন্দ্র করে প্রেম, নারীর জীবনসংগ্রাম, সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক বাস্তবতার নানা দিকও আবৃত্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, সমকালীন দর্শকের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রযোজনাটির পরিবেশনা শৈলী নির্মাণ করা হয়েছে। দর্শনির বিনিময়ে আবৃত্তি আয়োজনের এই উদ্যোগে সহকর্মীদের সহযোগিতা পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী এই আয়োজনে আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ দর্শক-শ্রোতার উপস্থিতিও ছিল লক্ষণীয়।