চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবিধাবঞ্চিত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
রবিবার (১৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, “নিরাপদ পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দবাড়িয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ শামসুদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যাপক মো. খায়রুল বাশার এবং সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।
এ সময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকদের এ উদ্যোগে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।